ত্বকি হত্যার বিচারে বাধা সরকার: মনজুর
আওয়ামী লীগ নেতাদের নাম আসায় স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকার বাধা হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন সিপিবি নেতা মনজুরুল আহসান খান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করে সরকারকে সতর্কও করে দেন।
সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুর বলেন, “সরকারের উচ্চ মহল থেকে ত্বকীর বিচার কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই ত্বকী হত্যার বিচার হচ্ছে না।”
গত বছরের মার্চে হত্যা করা হয় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বির ছেলে ত্বকীকে।
রাব্বি অভিযোগ করে আসছেন, তার ছেলের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে।
সিপিবির সাবেক সভাপতি মনজুর সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আপনাদের আচরণ সন্ত্রাসীদের প্রশ্রয়ের বার্তা দিচ্ছে। শামীমরাই এক সময় আপনাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, ইতিহাস অন্তত তাই বলে।
“খোন্দকার মোশতাক আহমেদকে কাছে টানার ফলাফল কিন্তু সুখকর হয়নি।” প্রতিবাদ সভায় রফিউর রাব্বি অভিযোগ করেন, সরকারের সায় মিলছে না বলেই তার ছেলের হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দেয়া হচ্ছে না।
“সরকারের সর্বোচ্চ মহল থেকে বিচার বাধাগ্রস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য এখনো চার্জশিট পাচ্ছি না। ”
সাংবাদিক-কলামনিস্ট কামাল লোহানী এই হত্যাকাণ্ডের তদন্তে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে বলেন, অন্য ক্ষেত্রে ঘটলেও ত্বকীর ঘটনায় সরকার প্রধানের কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এরকম আচরণ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত আশঙ্কাজনক।
