নদীতে ঝাঁপ দিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা
বরিশালের কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে পড়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছেন পটুয়াখালীর গলাচিপার এক ব্যবসায়ী।
সোমবার রাত ১১টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশের একটি টহল দল।
লক্ষ্ণণ বাড়িক (৩২) নামে ওই ব্যবসায়ীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকাঠী ব্যবসায়ী লক্ষ্ণণ গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের চিত্ত বাড়িকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, রাতে ত্রিশ গোডাউন এলাকায় টহল দেয়ার সময় অন্ধকারে চিৎকার শুনে গিয়ে পানিতে ভেজা লক্ষ্ণণকে পান তারা।
লক্ষ্ণণ পুলিশকে জানান, রোববার রাতে গলাচিপা থেকে তাকে অপহরণ করে বরিশালে এনে আটকে রাখা হয়। তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।
টাকা না পাওয়ায় হত্যার উদ্দেশ্যে একটি ট্রলারে করে অন্য স্থানে নেয়ার পথে নদীতে ঝাঁপিয়ে পড়েন বলে লক্ষ্ণণ পুলিশকে জানান।
লক্ষ্ণণ অপহরণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান এএসআই ফারুক।
