পুলিশের যৌন হয়রানি: সিআইডিকে দিয়ে তদন্তের নির্দেশ
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পিরোজপুরের ঘটনা নিয়ে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই নির্দেশ দেয়।
আগামী ২০ মে ওই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলাটি বিশেষ নজরদারিতে রাখতে পিরোজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়।
এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত একটি খবর প্রকাশের পর আইন সালিশ কেন্দ্রের রিট আবেদনে ওই কর্মকর্তাসহ তিনজনকে গত ১৯ মার্চ তলব করেছিল হাই কোর্ট।
আদালতের আদেশে গ্রেপ্তার পিরোজপুরের নাজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহমান ও ওই ঘটনায় জড়িত স্থানীয় মৌলভী মুজাহিদুল ইসলাম জাফরকে হাজির করেন স্থানীয় পুলিশ। এছাড়া বকশী এসএম দাসুস সুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক অসীম মিস্ত্রিও আদালতে হাজির হন।
আদালতে আসকের পক্ষে আবু ওবায়দুর রহমান ও অবন্তী নুরুল শুনানি করেন। অসীম মিস্ত্রির পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম।
গত ১২ মার্চের একটি ঘটনা নিয়ে ‘গার্ল গোজ থ্রু হরিফিক অ্যাবিউজ’ শিরোনামে ১৯ মার্চ দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে স্থানীয় এক মসজিদের আরবি শিক্ষক আবদুস সালাম মিয়া ১৩ বছরের এক বালিকাকে যৌন হয়রানি করে। এজন্য তার চাকরি যায়।
ওই ঘটনার প্রতিশোধ নিতে সালামের ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মুজাহিদুল ইসলাম মিয়া জাফর এক ভ্যানচালকের সঙ্গে মেলায় যাওয়ার ‘অপরাধে’ ওই কিশোরীকে পুলিশে তুলে দেয়।
এরপর এএসআই রহমান নির্যাতকের ভূমিকায় আসেন বলে প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়, রহমান ওই দুই কিশোর-কিশোরীকে বিবস্ত্র হয়ে যৌন অঙ্গভঙ্গি করতে বাধ্য করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন। পরে ওই কিশোরীকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মকর্তা।
ধর্ষণের পর ওই কিশোর-কিশোরীকে নিবন্ধন ছাড়াই ওই পুলিশ কর্মকর্তা ‘বিয়ে’ দেন বলে প্রতিবেদনে বলা হয়। সেইসঙ্গে বলা হয়, ৩৫০০ টাকা নিয়ে পুলিশ কর্মকর্তা রহমান ওই কিশোরীকে ছেড়ে দেন।
তবে এএসআই রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
