টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফের একটি শরণার্থী শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে নোয়াপাড়া শরণার্থী শিবিরের ব্লক নম্বর-এইচ এর ১২২৫/৪ নম্বর বাড়ি থেকে আব্দুল হামিদকে (৪৭) একটি দেশি বন্দুকসহ আটক করা হয়।
আব্দুল হামিদ ওই ব্লকের মৃত আবদুল মোতালেবের ছেলে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদ পেয়ে নোয়াপাড়া বিশেষ বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি বন্দুকসহ (এলজি) আব্দুল হামিদকে আটক করা হয়।
এ ব্যাপারে আরো দুজনকে পলাতক আসামি করে মামলার পর হামিদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্য আসামিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদার প্রয়াত হামিদ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৪০) এবং খারাংখালী এলাকার প্রয়াত আবদুল জলিলের ছেলে নুর আহমেদ (৪৫)।
