শেরপুরে পুড়েছে ১৭ দোকান
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার একটি বাজারে ১৭টি দোকান পুড়ে গেছে।
সোমবার গভীর রাতে বনগাও নতুন বাজারের এ আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঝিনাইগাতী থানার ওসি এ কে এম ফছিহুর রহমান জানান, রাত সোয়া ১২টার দিকে বাজারের কাপড় ব্যবসায়ী আবুল হোছেনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
আগুনে ওই বাজারের ওষুধ, মুদি, কাপড়ের দোকান এবং চায়ের স্টলসহ ১৭টি দোকান ও মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
