২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

খুনের মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।  

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 04:18 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

একই হত্যাকাণ্ডে জড়িত আরো চারজনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এ চারজনকে আরো ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত পাঁচ বছর সশ্রম কারাভোগ করতে হবে।

নেত্রকোণার অতিরিক্ত জেলা দায়রা জজ আবদুল হামিদ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জিএম খান পাঠান বিমল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ খাঁ (২২)। তিনি নেত্রকোণার আটপাড়া উপজেলার খিলা গ্রামের মফিজ খাঁর ছেলে।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন পলাশের ভাই কামরুল (৩৮), একই গ্রামের নজরুল (৩৫) এবং দুই সহোদর সজিব (২৫) ও  শাহ আলম (২৭)।

পিপি জিএম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ছুরিকাঘতে খুন হন খিলা গ্রামেরই বাসিন্দা ফজলুল করিমের মেয়ে খাদিজা আক্তার। তিনি ঢাকায় ‘ইডেন কলেজের’ ইংরেজি বিষয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। কিন্তু খাদিজা তা ফিরিয়ে দিলে পলাশ খাদিজাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন দুপুরে গ্রামের খাদিজা একা ছিলেন।

ওই সময় আসামিরা তাকে ছুরিকাঘাত করে পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে পলাশকে আটক করে পুলিশে দেয়।

খাদিজার বাবা ফজলুল করিম (৫৪) ওইদিনই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ২০১০ সালের ২০ মে অভিযোগপত্র দেয়।