ঐশীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণ
পুলিশ দম্পতি হত্যামামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন মঙ্গলবার অভিযোগপত্রটি গ্রহণ করে বিচারের জন্য মামলাটি মহানগর জজ আদালতে পাঠিয়ে দেন।
ঐশীর আইনজীবী মাহবুব হাসান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রায়ালে আসামি ঐশীকে নির্দোষ প্রমাণ করব।”
ঐশী ছাড়া অন্য আসামিরা হলেন- তাদের গৃহকর্মী খাদিজা খাতুন সুমি, ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি ও আসাদুজ্জামান জনি।
ফাইল ছবি
অভিযোগপত্র গ্রহণের শুনানিতে চার আসামিকে আদালতে হাজির করা হয়।
সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার হবে কিশোর আদালতে।
গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পাওয়া যায়।
স্ত্রী, দুই সন্তান এবং শিশু গৃহকর্মী নিয়ে ওই বাসায় থাকতেন পুলিশ কর্মকর্তা মাহফুজ।
ঘটনার পর পলাতক থাকা স্কুলশিক্ষার্থী ঐশী একদিন বাদে পুলিশে ধরা দিয়ে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন।
তদন্ত শেষ গত ৯ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, ঐশী নিজ হাতে তার বাবা-মাকে খুন করে। তাকে সহযোগিতা করে সুমি। আর হত্যাকাণ্ডের আগে রনি ও জনির সঙ্গে আলোচনা করেছিলেন ঐশী।
ঐশীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
