খালেদার ব্যাংক হিসাব খুলে দেয়ার দাবি
খালেদা জিয়ার জব্দ করা সব ব্যাংক হিসাব খুলে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের শেষের দিকে খালেদা জিয়ার আটটি ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “২০০৭ সালের অবৈধ সরকারের আমলে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার সব ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। এটা যে কোন নাগরিকের প্রাপ্য সাংবিধানিক মৌলিক অধিকারের পরিপন্থি।”
একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হলেও তা খুলে দেয়া হয়েছিল বলেও জানান তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। দশম সংসদে খালেদা জিয়ার সম্পর্কে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের নানা আপত্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।
নজরুল বলেন, “প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য সরকার খালেদা জিয়াকে তার প্রায় তিন দশকের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পর তিনি বাধ্য হয়েই ভাড়া বাড়িতে থাকছেন। বাড়ি ভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দেয়ায় ২০১১ সালের জানুয়ারি মাসে অতিরিক্ত অর্থ উত্তোলনে এনবিআরের কাছে আবেদন জানানো হলেও আজো তার অনুমোদন পাওয়া যায়নি। এটা অন্যায় আচরণের আরেকটি প্রমাণ।”
ব্যাংক হিসাব জব্দ থাকায় কিভাবে তার জীবন-জীবিকা অর্থ সংস্থান হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “জীবন-জীবিকা কিভাবে চালানো হচ্ছে, এটা ব্যক্তিগত বিষয়। এরজন্য এরজন্য আত্বীয়-স্বজন ও দল রয়েছে। কষ্ট হচ্ছে বলেই তো জব্দ ব্যাংক একাউন্ট খুলে দেয়ার দাবি জানানো হয়েছে। বিষয়টি আমরা পাবলিক করতে চাই না।”
নজরুল জানান, খালেদা জিয়ার মোট ৮টি ব্যাংক হিসাব আছে। এরমধ্যে ৬টিতে কোনো অর্থ জমা নেই। ওইসব হিসাবে বহুবছর ধরে লেনদেন হয় না। জিয়াউর রহমানের আমলে একাউন্ট ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় জাতীয় সংসদে নির্বাচন করার জন্য প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী ওইসব ব্যাংক হিসাব খোলা হয়েছিলো।
ফাইল ছবি
তিনি বলেন, “৮টির মধ্যে দুইটি ব্যাংক হিসাবে লেনদেন হয়। সেখানে বাড়ি ভাড়াসহ অন্যান্য খাতে অর্জিত অর্থ নিয়মানুযায়ী জমা হয়। এক্ষেত্রে সব কিছু স্বচ্ছ ও আইনানুগভাবে পরিচালিত হওয়া সত্ত্বেও সরকারের মন্ত্রী, নেতাদের অহেতুক ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে নিজেরাই নিন্দার পাত্র হয়েছেন। এটা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।”
গতকাল (সোমবার) একটি দৈনিক পত্রিকা খালেদা জিয়ার ব্যাংক হিসাব সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে বিষয়ে সংসদে ক্ষমতাসীন দলের নেতদাদের বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে নজরুল বলেন, “এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও সরকারি দলের নেতা-নেত্রীরা মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এবং জাতীয় সংসদে প্রাসঙ্গিক বিষয়ে ষড়যন্ত্র খোঁজার পাশাপাশি অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটা অন্যায় ও দুভার্গ্যজনক।”
সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, হেলেন জিরিন খান,আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
