স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
খুলনার পাইকগাছায় সাত বছরের সন্তান ও স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি কীটনাশক খেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পাইকগাছা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, সোমবার ভোরের দিকে উপজেলার শলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় দীপংকর দাসকে (৫৪) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- দীপংকরের স্ত্রী অনিমা দাস (৪৮) ও তাদের সন্তান সজীব দাস (৭)।
ওসি কাজী কামাল হোসেন বলেন, “অর্থনৈতিক দুরাবস্থা এবং হতাশা থেকে দীপংকর তার স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” দীপংকর কপিলমুনী বাজারে ব্যবসা করতেন। বর্তমানে তার ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় তিনি বেকার ছিলেন।
তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোন কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি কামাল।
খুলনার সহকারী পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে দীপংকর মানসিক ভারসাম্যহীন থাকায় সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ্য হলে সঠিক তথ্য জানা যাবে।”
ওসি ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের বেলা দীপংকর ধারালো অস্ত্র দিয়ে তার শিশু-সন্তান ও স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে নিজেও কীটনাশক পান করে উঠানে পড়ে ছিলেন।
ভোরের দিকে প্রতিবেশীরা তাকে অসুস্থ মনে করে এগিয়ে আসে এবং পরে সেখানে রক্তের দাগ দেখে পুলিশে খবর দেয়।
লাশ দুটির ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
