২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ কিশোরকে দেশে পাঠালো ভারত

অনুপ্রবেশের অভিযোগে ভারতে তিন বছর সাজা শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে ১৮ কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 09:28 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ এই কিশোরদের বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির কাছে হস্তান্তর করে।

ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা অবৈধ পথে এদেরকে ভারতে পাচার করেছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলকাতা শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। পরে অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়।

সাজা শেষে দক্ষিণাশ্বরের ‘দুর্বাশ্রম’ শেল্টার হোমে তাদের রাখা হয়। সেখান থেকে তাদেরকে ভারত সরকারের দেয়া বিশেষ পাশের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এরা হল- হারুন-অর-রশিদ (১৭), বাবু মণ্ডল (১৩), নয়ন হোসেন (১৩), সবুজ হোসেন (১৫), জসিম হাওলাদার (১৮), আব্দুল গফফার (১৪), আব্দুর রহমান (১১), খোরশেদ আলম (১৯), মামুনুর রশিদ (১৮), মিলন শেখ (১৭), আল-আমিন (১৬), রাকেশ (১৪), মইনুর রহমান (১৫), সুমন হোসেন (১৪), বিজয় বিশ্বাস (১৩), অমিতোষ (১৪), আলী হোসেন (১৯) ও শাহরিয়ার দিপু (১৩)।

খুলনা, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ১০ জনকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ছয় জনকে ও ঢাকার আহছানিয়া মিশন দুই জনকে গ্রহণ করে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠাবে বলেও জানান চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।