গণশুনানির আওতা বাড়াতে বললেন প্রধানমন্ত্রী
জনগণের ভোগান্তির কথা শুনে তার সমাধানে জনপ্রশাসন কর্মকর্তাদের অধীনে গণশুনানির আওতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সোমবার প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে বেলা সাড়ে ১২টা থেকে পৌনে চার ঘণ্টা ধরে সচিবদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সোমবারের সভায় উপস্থিত ৬১ জন সচিবের মধ্যে ২৩ জন বক্তব্য দিয়েছেন।
মোশাররাফ বলেন, জেলা প্রশাসকদের আয়োজনে গণশুনানির ক্ষেত্র বাড়িয়ে মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাদের মধ্যে তা ছড়িয়ে দেয়া ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
“সকল পর্যায়ে যাতে গণশুনানির ব্যবস্থা করা যায় সেজন্য একটি মেকানিজম ডেভেলপ করতে বলেছেন প্রধানমন্ত্রী।”
প্রতি বুধবার জেলা প্রশাসকদের আয়োজনে জেলায় জেলায় গণশুনানি হয়, যাতে জনগণ তাদের ভোগান্তি ও অভাব-অভিযোগের কথা বলতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন কার্যক্রম আরো জোরদারের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যেটুকু বাকি আছে তা দ্রুত শেষ করতে হবে।
গত পাঁচ বছরে একাধিকবার সিভিল সার্ভেন্ট আইনের খসড়া তৈরি করা হলেও তা চূড়ান্ত হয়নি।
এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের তথ্যভাণ্ডার তৈরি করে তার আওতায় সুবিধাভোগীদের চিহ্নিত করার কথাও বলেছেন শেখ হাসিনা।
মোশাররাফ জানান, দেশের ক্রান্তিলগ্নে ‘যথাযথভাবে’ দায়িত্ব পালন করায় সচিবদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
“আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চললে জনপ্রশাসন দ্রুত সমন্বিত ব্যবস্থা নেয়ায় এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে বরাদ্দকৃত অর্থ যেন জনগণের ক্যলাণে ব্যয় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
এছাড়া প্রশাসন বিকেন্দ্রীকরণে জোর দিয়ে সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “নিচের দিকে ক্ষমতা দিতে হবে।”
সঠিক প্রকল্প বাছাই করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণ উপকার পাচ্ছে কি না তা খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি।
বিগত সরকারের পাঁচ বছরের অর্জন তুলে ধরে শেখ হাসিনা বলেন, সচিবদের বড় দায়িত্ব হচ্ছে তাদের অধীনে যারা কাজ করেন তাদের উদ্বুদ্ধ করা।
দলীয় ইশতেহার থেকে সরকারের নীতি আসে মন্তব্য করে মোশাররাফ বলেন, নির্বাচনী ইশতেহারে ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত দলিল ভালো করে পাঠ করে সে অনুযায়ী কর্মসূচি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশকে উন্নত করাই মূল লক্ষ্য বলে সমাপনী বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী।
সচিবদের নতুন প্রযুক্তি ও জ্ঞান আয়ত্ত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দীর্ঘমেয়াদি করার নির্দেশনা দেন।
শেখ হাসিনা বলেন, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উন্মেষ ঘটেছে।
খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি এই কার্যক্রম তদারকি জোরদার করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর সঙ্গে যুক্ত করারও পরমর্শ দিয়েছেন তিনি।
বিদ্যুৎ বিল ও ভূমি উন্নয়ন বকেয়া বিল আদায়ে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিদ্যুতের উৎপাদন বাড়ায় তা আরো মানুষের কাছে সরবারহ ও বিতরণের ব্যবস্থার কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সভায় সচিবরা তাদের নিজস্ব কোনো দাবি-দাওয়া উত্থাপন করেননি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তিনি সচিবদের বক্তব্য শুনে সমাপনী বক্তব্য দেন।
