খোকসা পৌর মেয়রসহ ১২ জন কারাগারে
উপজেলা পরিষদ নির্বাচনপূর্ব সহিংতার মামলায় কুষ্টিয়ার খোকসা উপজেলার ১২ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম সাজ্জাদুর রহমান এই আদেশ দেন।
নেতাকর্মীদের মধ্যে রয়েছেন খোকসা পৌর মেয়র আনোয়ার আহম্মেদ খান তাঁতারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবু বকর সিদ্দিক, সোমসপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আনিস মৃধা পৌর বিএনপি প্রমুখ।
এ বছরের ১১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের আগে উপজেলা আওয়ামী লীগ অফিসে আসবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে খোকসা থানায় একটি মামলা হয়।
এ মামলার আসামিরা ২৪ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠনোর আদেশ দেন।
