২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে মিলেছে পুণ্যার্থীরা

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদসহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীরা অষ্টমী স্নানে অংশ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

রোববার মধ্যরাতের পর পুরাতন ব্রহ্মপুত্র নদে এ স্নানের লগ্ন শুরু হয়।

সোমবার রাতে এ লগ্ন শেষ হবার আগ পর্যন্ত দেশ ও বিদেশের কয়েক লাখ পুণ্যার্থী স্নানে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা ও বাসু দেব চক্রবর্তী জানান, দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভারত, নেপাল, তিব্বত, শ্রীলঙ্কা ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে এসেছেন।

স্নানোৎসব উপলক্ষে ঘাট এলাকায় সেবাক্যাম্প খুলেছে লাঙ্গলবন্দের ৩৫টি ধর্মীয়, সামাজিক ও সেবামূলক সংগঠন।

এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিৎসা দেবার পাশাপাশি স্নানে আসা নারী পুরুষদের মন্ত্র ও অন্যান্য বিষয়ে পরামর্শও দেয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান,পুণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে শতাধিক ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরো জানান, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি সাদা পোশাকে আরো দেড় শতাধিক পুলিশ থাকবে।

লাঙ্গলবন্দ স্নানের ইতিকথা

হিন্দু পুরাণ মতে, জমদগ্নি নামের এক মুনি পিতৃভক্তি পরীক্ষা করার জন্য তার চার ছেলেকে আদেশ করেন তাদের মা রেনুকাকে হত্যা করার জন্য।

অন্যরা এ আদেশ প্রত্যাখান করলেও ছোট ছেলে পরশুরাম কুঠার দিয়ে মাকে দ্বিখন্ডিত করেন। মাতৃহত্যার শাস্তি হিসেবে কুঠারটি তার হাতেই লেগে থাকে। প্রাণপণ চেষ্টা করেও হাত থেকে ছাড়ানো যায়নি কুঠারটি। মাতৃহত্যার পাপে আক্রান্ত হন পরশুরাম।

তখন বাবা জমদগ্নি পরশুরামকে তীর্থ ভ্রমণের আদেশ দেন। যে তীর্থে তার হাতের কুঠার খসে পড়বে, সে স্থানই হবে পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থস্থান।

পুরান মতে, এরপর পরশুরাম তার কুঠার লাঙ্গলবদ্ধ করে পর্বতের মধ্য দিয়ে চালাতে থাকেন। সেই লাঙ্গলের ফলায় তৈরি পথ ধরে সৃষ্টি হয় ব্রহ্মপুত্র নদের। ওই পথ ধরে চলতে থাকেন পরশুরাম নিজেও।

এভাবে অনেক দিন পর নারায়ণগঞ্জের বর্তমান স্নানঘাটে এসে লাঙ্গলটি আটকে যায়। হিমালয় থেকে বয়ে আসা ব্রহ্মপুত্রের পানিতে স্নান করে পাপমুক্তি ঘটে পরশুরামের। খসে পড়ে হাতের কুঠার।

পরশুরামের লাঙ্গলের ফলা থেমে যাওয়া বা বন্ধ হওয়া থেকেই এ স্থানের নাম হয় লাঙ্গলবন্ধ। কালক্রমে তা স্থানীয়দের উচ্চারণ বিবর্তনে হয়ে ওঠে লাঙ্গলবন্দ।

জামালপুর অষ্টমী স্নানোৎসব ও  মেলা

সকালে জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হাজার হাজার পুণ্যার্থীর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পবিত্র অষ্টমী স্নানোৎসব পালিত হয়েছে।

এছাড়া স্নানোৎসব উপলক্ষে জামালপুর বৈশাখি মেলার মাঠ ও আশপাশ এলাকায় বসেছে তিনদিনের মেলা।

মেলায় নিত্য প্রয়োজনীয় পণ্য,সাঝ,ঝুড়ি,মিষ্টি,বিভিন্ন ধরনের খেলনা,কাঠের আসবাবপত্র ও নাগরদোলা স্থান পেয়েছে।

কিশোরগঞ্জে অষ্টমী  স্নানোৎসব পালিত

হোসেনপুর উপজেলা সদরের খুরশিদ মহল সেতুর কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নানোৎসব হয়। এ উপলক্ষে উপজেলার কুলেশ্বরী মন্দির প্রাঙ্গণ, উপজেলা পরিষদ মাঠ ও রামপুর বাজারে মেলার আয়োজন করা হয়।

হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন,এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আনুমানিক দুই লক্ষাধিক পুণ্যার্থী স্নানে করেছে।

শেরপুরে স্নানোৎসব

ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের হ্রদে মহাঅষ্টমী স্নানোৎসব হয়েছে।

স্নান উদযাপন কমিটির সভাপতি সর্ব্বেশ্বর হাজং জানান, গারো পাহাড়ের সীমান্ত জুড়ে বসবাসকারী গারো, হাজং, বানাই, কোচ ও বর্মণ সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী এখানে স্নান করেন।

এ উপলক্ষে পাহাড়ের চূড়ায় গঙ্গাপূজা, কালীপূজা ও শিবপূজা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে অষ্টমী  স্নান

মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীতে অষ্টমী স্নান উৎসব।

এ স্নানের মধ্য দিয়ে পাপ মোচন এবং ঈশ্বরের কৃপা লাভের জন্য শত শত নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ স্নানে আসে ধলেশ্বরীতে।

এ উপলক্ষে ধলেশ্বরীর নদীর তীরে বসেছে মেলা। সাংসারিক প্রয়োজনের যাবতীয় দ্রব্যাদিসহ ছোটদের খেলনা সামগ্রীর সমাহার ছিল মেলায়। এছাড়া খাবারের দোকানগুলোতে রয়েছে পিঠি, নিমকি, লাড্ডু প্রভৃতি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ স্নান উৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও সকল সম্প্রদায়ের লোকজনের উপস্থিতি রয়েছে এখানে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতির ব্যবস্থাও রাখা হয়েছে।