মাগুরায় সংখ্যালঘু পরিবারে চাঁদাবাজির অভিযোগ
মাগুরা সদর উপজেলার হাটমালঞ্চি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযুক্তরা বলছেন, সাম্প্রতিক একটি সংঘর্ষে জের ধরে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, চাঁদাবাজি ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতি ও সামাজিক বিরোধ জড়িত থাকতে পারে।
তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সহকারী পুলিশ সুপারসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে এর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
হাটমালঞ্চি গ্রামের নিখিল বিশ্বাস চাঁদাবাজির শিকার হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিখিল বলেন, একই গ্রামের ‘চরমপন্থী’ নেতা তুজাম আলী ও নায়েব আলী তার কাছ থেকে জমি বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা হিসাবে নিয়েছে।
এসব চাঁদা পার্টির উপর পর্যায়ের নেতাদের জন্যে তারা আদায় করছেন বলে জানিয়েছেন নিখিল।
এ ঘটনার পর অভিযুক্তদের নাম উল্লেখ করে চাঁদাবাজির বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন নিখিল।
নিখিল আরো জানান, দাবি অনুযায়ী চাঁদার টাকা দিতে না পারায় তার ভাতিজা বিকাশ ও ডালিম এবং গ্রামের আরেক বাসিন্দা জিতেন্দ্রনাথকে অভিযুক্তরা নির্যাতন করে বাড়ি ছাড়া করেছে।
নিত্য শিকদার নামের আরেকজন জানান, ওই বাহিনী তার কাছ থেকে ইতিমধ্যে ৩৫ হাজার টাকা চাঁদা হিসাবে আদায় করেছে।
চাঁদার টাকা না দিলে ‘সন্ত্রাসী বাহিনীটি’ বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় ও নির্যাতন করে বলে জানান নিত্য।
হাটমালঞ্চি গ্রামের খলিলুর রহমান, আযাহার আলী, সাইফুল ইসলামসহ আরো অনেকের সঙ্গে কথা বলে চাঁদাবাজির বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় রাঘবদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদের কাছে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযুক্ত তুজাম আলী ও নায়েব আলী চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, গ্রাম্য দলাদলি নিয়ে সম্প্রতি এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই জের ধরে তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা এসব অভিযোগ আনছে, যা আদৌ সত্য নয় বলে দাবি করেন তারা।
