সুপ্রিম কোর্টের বিচারকদের ‘বিশেষ’ ভাতার বিল পাস
সর্বোচ্চ আদালতের বিচারকদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ হারে ‘বিশেষ ভাতা’ দেয়ার জন্য আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
গত ২০ জানুয়ারি প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভার অনুমোদন পায়। ১৮ মার্চ বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী।
সর্বোচ্চ আদালতের বিচারকরা ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পান। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “সরকার সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের তাদের স্ব-স্ব বেতনের ৫০ শতাংশ হারে মাসিক ‘বিশেষ ভাতা’ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
ফাইল ছবি
হাই-টেক পার্ক বিল উত্থাপন
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০১৪ সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
আগের মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হওয়ায় বর্তমান মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে এ সংশোধনী বিল আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০১০ সালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন পাস হয়।
পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নামে আলাদা মন্ত্রণালয় সৃষ্টি হয় এবং এ কর্তৃপক্ষকে মন্ত্রণালয়টির আওতাভুক্ত করা হয়।
মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হওয়ায় বর্তমান মন্ত্রণালয়ের নামোল্লেখ করার প্রয়োজন পড়েছে।
