এটিএম আজহারের বিরুদ্ধে অষ্টম সাক্ষীর সাক্ষ্য
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন প্রসিকিউশনের অষ্টম সাক্ষী।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন ৭৭ বছর বয়সী মো. মুজিবর রহমান মাস্টার।
সাক্ষ্যে তিনি বলেন, রংপুরের বদরগঞ্জ থানার লোহানিপাড়া গ্রামের বাসিন্দা এটিএম আজহারুল ইসলাম ১৯৭১ সালে বদরগঞ্জ, পার্বতীপুরসহ বিভিন্ন এলাকায় গ্রামগুলোতে ১২শ’র বেশি মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এসব হত্যাকাণ্ডের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা তার সঙ্গে ছিলেন।
এছাড়া রংপুর শহরের টাউন হলে অসংখ্য নারীকে ধরে এনে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গেও এটিএম আজহার জড়িত ছিলেন বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
সাক্ষ্যে তিনি জানান, ১৯৭১ সালে তিনি বদরগঞ্জ শ্যামপুর হাইস্কুলে শিক্ষকতা করতেন। তখন তার বয়স ছিল ৩৩ বছর। ১৯৭০ সালে বদরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ফাইল ছবি
মুজিবুর বলেন, মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্র সংঘের রংপুরের কারমাইকেল কলেজ শাখার সভাপতি এটিএম আজহারুল আলবদরের একজন কমান্ডারও ছিলেন।
তিনি বলেন, ১৯৭০ সালের জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। ওই দুই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এটিএম আজহার। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়।
৭ মার্চের ভাষণের পরেই বদরগঞ্জ এলাকার বিভিন্ন পাড়া, মহল্লা, গ্রামে সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু হয় জানিয়ে তিনি বলেন, “ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিলে আমরা এলাকার সংগ্রাম কমিটিসমূহ সক্রিয় হই। এলাকার সাধারণ জনগণসহ সবাই ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করি।”
ওই ঘেরাওয়ে নেতৃত্ব দেয়া ছয় জনের মধ্যে তিনি নিজেও একজন ছিলেন বলে উল্লেখ করেন সাক্ষী।
পরে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সৈন্যরা বদরগঞ্জ এলাকায় চলে গেলে ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ওই এলাকা হানাদার বাহিনীর দখলমুক্ত ছিল বলে উল্লেখ করেন তিনি।
সাক্ষী বলেন, ১৬ এপ্রিল তারা জানতে পারেন, রংপুর থেকে একটি ট্রেন ৬নং রেল গুমটি টেকশোর হাটের কাছে এসে থামে। ওই ট্রেন থেকে পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামীর লোকজন ও এটিএম আজহারুল ইসলাম নামেন এবং গুলি করতে করতে উত্তরদিকে মোকশেদপুর গ্রামের দিকে এগুতে থাকে।
পরে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, ওইসময় গ্রামের মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করলে নারী-শিশুসহ ১৫ জন গুলিতে নিহত হয়। এদের মধ্যে কালটি মাই নামের একজনের নাম মনে আছে বলে উল্লেখ করেন সাক্ষী।
সাক্ষী আরো বলেন, পরদিন ১৭ এপ্রিল পার্বতীপুর এবং রংপুর থেকে দুটি ট্রেন এসে যথাক্রমে ৬ নং ও ১০ নং রেলগেইটের সামনে থামে। রংপুর থেকে আসা ট্রেনটিতে পাকিস্তানি সেনাদের সঙ্গে আজহারুল ইসলামসহ জামায়াতের অন্যা নেতারা ছিলেন।
“উভয় ট্রেন থেকে নেমে পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগীরা দক্ষিণে বুজরুক হাজীপুর, কিসমত ঘাটাবিল, রামকৃষ্ণপুর, খোর্দ বাগবাড়সহ সমস্ত গ্রাম ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালায় এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আক্রান্ত গ্রামগুলোর লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী ঝাড়ুয়ার বিলে পালায়।” পরে ঝাড়ুয়ার বিলে গিয়ে সেখানে আশ্রয় নেয়া ১২শ’র বেশি মানুষকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানী সেনা ও তাদের সহযোগীরা। সেখানে সাক্ষীর ছাত্র নূর উদ্দিনও নিহত হন বলে জানান তিনি।
৮ এপ্রিল বদরগঞ্জের জগদীশ বাবুর বাড়ি দখল করে নিয়ে সেখানে শান্তি কমিটির অফিস বসানো হয় বলে উল্লেখ করে সাক্ষী বলেন, ওইখানে যেসব মিটিং হতো সেগুলোতে এটিএম আজহার উপস্থিত থাকতেন।
সাক্ষী জানান, এপ্রিল মাসের শেষদিকে তিনি ভারতের কুচবিহার জেলার টাপুরহাট ইয়ুথ ক্যাম্পে চলে যান। মুক্তিযুদ্ধের নয় মাসই সেখানে তিনি সহকারী রিক্রুটিং অফিসার ও মটিভেটর হিসেবে কাজ করেন।
স্বাধীনতার পরে ২১ ডিসেম্বর রংপুরে ফিরে আসেন তিনি। ২২ ডিসেম্বর রংপুর টাউন হলে গিয়ে রক্তমাখা অসংখ্য শাড়ি, ব্লাউজ, পেটিকোট, ভাঙা কাঁচের চুড়ি পড়ে থাকতে দেখেন তিনি। বিভিন্ন দেয়ালে রক্তের ছোপছোপ দাগও দেখতে পান তিনি।
টাউন হলের পাশে একটি ইন্দিরার (কুয়া) মধ্যে অনেক মহিলার লাশ খাসমান অবস্থায় দেখতে পান বলেও উল্লেখ করেন সাক্ষী।
টাউন হলে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে সাক্ষী জানতে পারেন, বিভিন্ন স্থান থেকে ধরে টাউন হলে নিয়ে আসা নারীদের নির্যাতনের ও ধর্ষণের সঙ্গেও এটিএম আজহার জড়িত ছিল।
পরে কাছনা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী মনছুরার কাছ থেকে তিনি জানতে পারেন, মনছুরাকেও টাউন হলে ১৯ দিন আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করা হয়।এতে তার পেটের ছয় মাসের বাচ্চাটিও নষ্ট হয়ে যায়।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের ৩০ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাদের সঙ্গে এটিএম আজহার রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক কালাচাঁদ বাবু, সুনীল চন্দ্র বরণ, চিত্ত রঞ্জন রায়, রামকৃষ্ণ অধিকারী ও কালাচাঁদ বাবুর স্ত্রীকে ধরে নিয়ে যায়। তাদের রংপুর শহরের দমদমা ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
সাক্ষ্য শেষে তাকে জেরা করা শুরু করেন আসামির আইনজীবী আব্দুস সোবহান তরফদার। পরে জেরা অসমাপ্ত অবস্থায় মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
