রাবিতে রুস্তম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শোক শোভাযাত্রা ও মানববন্ধন করেছেন শিক্ষক ও সহপাঠীরা।
এদিকে রুস্তম নিহত হওয়ার তিনদিন পর সোমবার এ ঘটনায় নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল ১১টার দিকে এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোকর্যালিটি শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে এসে এক মানববন্ধনে মিলিত হন।
এ সময় রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনসার উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন থেকে রুস্তম হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী আবাসিক হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের ওই হল শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ।
ছাত্রলীগের দাবি, ইসলামী ছাত্র শিবির বাহির থেকে গুলি করে রুস্তমকে খুন করেছে। অপরদিকে ছাত্রলীগের ‘অভ্যন্তরীণ কোন্দ্ল’ থেকে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছে শিবির।
ধর্মঘটে অচল ক্যাম্পাস
রুস্তমের হত্যায় জড়িতদের ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেপ্তার দাবিতে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের তৃতীয় দিন চলছে।
ধর্মঘটের অন্যান্য দিনের মতো এ দিনেও বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল ও সব বিভাগের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে ক্যাম্পাস।
ধর্মঘটের সমর্থনে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল তুহিন।
সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছে দাবি করে তৌহিদ আল হোসেন তুহিন বলেন, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল চলমান পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে বলেন, তারা ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।
ক্যাম্পাসে সচল রাখতে ছাত্রলীগেরও সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
হল প্রশাসনের কাছ থেকে ঘটনাটির একটি প্রতিবেদন পেয়েছেন জানিয়ে এ ঘটনায় আর কোনো তদন্ত কমিটি করা হবে না বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাধারণ ডায়েরি
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক এই জিডিটি করেন।
মতিহার থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
