‘উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ আইনের’ বাংলা খসড়া অনুমোদিত
বাংলায় অনুবাদ করা ‘উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ আইন-২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ১৯৮৫ সালে সামরিক শাসনের সময় আইনটি জারি করা হয়েছিল। তবে সামরিক শাসনামলে জারি করা আইনের প্রয়োজনীয়তা থাকলে তা পর্যালোচনা করে বাংলায় অনুবাদ করার ব্যাপারে উচ্চ আদালতের আদেশ ছিল।
“আইনটি বাংলায় অনুবাদ করে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস, প্রতিষ্ঠান বিলুপ্তকরণ, বিভিন্ন পদের কাঠামো পরিবর্তনে কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারী উদ্বৃত্ত হয়ে পড়লে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চলে আসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যোগ্যতা বিবেচনায় নিয়ে আগের স্কেলের পদে আত্মীকরণ করে।
উদ্বৃত্ত কর্মকর্তা-কর্মচারীদের চেয়ে শূণ্য পদের সংখ্যা সব সময়ই বেশি থাকে বলে তাদের আত্মীকরণ করতে কোনো অসুবিধা হয় না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, গত ৪ মার্চ মিয়ানমারের রাজধানী নে পি দো-তে অনুষ্ঠিত তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নেয়।
এছাড়া গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৩৭তম সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
