২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে রোগীরা

ছাত্রাবাসে ডাকাতি ও লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার দ্বিতীয় দিনের মতো এ কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে রোগীদের সেবা দিচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে হাসপাতালের পরিচালক ছুটিতে থাকায় বেলা ১২টার দিকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন  উপ-পরিচালককে তার কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে তিনদফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি দেয়।

এছাড়া হাসপাতালের ভেতরে তারা কয়েকদফা মিছিলও করেন।

স্মারকলিপিতে লুট হওয়া ল্যাপটপ, টাকা ও মোবাইল উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার এবং শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানানো হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপ্লব বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় কর্মবিরতি শুরু করেন তারা।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের স্মারকলিপি পেয়েছেন। তদন্ত করার জন্য কমিটি করা হবে।

রোগীদের সেবা দেয়ার জন্য বিশেষ টিম গঠন করার কথা নিশ্চিত করেন তিনি।

রোববার বেলা ১১টায় ডা. মিলন ছাত্রাবাসে একদল বহিরাগত সন্ত্রাসী ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে শিক্ষানবিশ চিকিৎসক রিয়াদ ও সিদ্দিকের দুটি ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা।