প্রবাসে রতন বড়ুয়াকে শেষ বিদায়
শ্রদ্ধা আর ভালবাসায় মুক্তিযোদ্ধা রতন বড়ুয়াকে শেষ বিদায় জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
রোববার বিকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি চার্চের মিলনায়তনে রতন বড়ুয়াকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্সা গ্রামের রতন বড়ুয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে গত ১ এপ্রিল মারা যান। তিনি ২৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন।
যুক্তরাষ্ট্র প্রবাসীদের কাছে অতিপরিচিত মুখ ছিলেন রতন বড়ুয়া, বিপদে পড়লে তার কাছেই ছুটে যেতেন সবাই।
শ্রদ্ধা অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠের পর জাতীয় পতাকায় রতন বড়ুয়ার কফিন আচ্ছাদিত করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
এরপর শিশু-কিশোর-নারী-পুরুষ সবাই তার প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর পর মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের পাশাপাশি ইহুদি সম্প্রদায়ের মানুষেরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।
প্রবাসে বাংলাদেশিদের এই ধরনের অনুষ্ঠানে এত মানুষের সমাগম আগে কখনো ঘটেনি বলে স্থানীয়রা জানান।
এ কে এ মোমেন বলেন, “রতন বড়ুয়ার মানবসেবার পরিধি ধর্ম-বর্ণ-গোত্র-জাতি-গোষ্ঠির সীমানায় আটকে ছিল না বলেই তার মৃত্যু সকলকে গভীরভাবে শোকাহত করে গেল।”
আকরামুল কাদের বলেন, “নিঃস্বার্থভাবে পরোপকারে অনেক বাধা এসেছে, কিন্তু তাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। মন্দ কাজ হতে বিরত এবং মহৎ কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে রতন বড়ুয়া মানব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।”
অকৃতদার রতন বড়ুয়া গবেষণার জন্য তার দেহটি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দান করে গেছেন।
যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয় কারী শিতাংশু গুহ জানান, রতন বড়ুয়ার মরদেহ মঙ্গলবার দেশে যাবে। ঢাকায় কমলাপুর বৌদ্ধ বিহার হয়ে চট্টগ্রামের গ্রামের বাড়িতে যাবে বুধবার। এরপর তা ঢাকায় ফিরিয়ে এনে বিএসএমএমইউকে হস্তান্তর করা হবে।
