বরিশাল ল কলেজের অধ্যক্ষ এনায়েত পীর মারা গেছেন
বরিশাল ল কলেজের অধ্যক্ষ ও বরিশাল নাগরিক পরিষদের সভাপতি এনায়েত পীর খান (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাপসাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল হক মানিক জানান, জেলা প্রশাসক কার্যালয়ে সিঁড়ি বেয়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হন এই প্রবীণ আইনজীবী।
মেঝেতে পড়ে তিনি মাথায় আঘাত পান এবং মস্তিষ্কে রক্তক্ষরণও হয়।
অ্যাডভোকেট এনায়েত পীর খানের পরিবারের সদস্যরা জানান, ১৯৩৯ সালের ১৬ সেপ্টেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এনায়েত পীর খান।
১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ থেকে এমএ এবং ১৯৬৪ সালে এলএলবি পাশ করে ওই বছরই আইন পেশায় যোগ দেন।
তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
এছাড়া তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতিও ছিলেন।
