দ্রুত বিচার আইন সংশোধন বিলে রাষ্ট্রপতির সই
বহু আলোচিত ‘দ্রুত বিচার আইন’ আরো পাঁচ বছর চালু রাখার জন্য সংসদে পাশ হওয়া বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাষ্ট্রপতির সই করার মধ্য দিয়ে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলো।
গত ৩ এপ্রিল ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল- ২০১৪’ সংসদে পাস হয়। দশম সংসদে এটাই পাস হওয়া প্রথম বিল।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দু’বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১২ সালে আরো দুই বছর আইনটি বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।
চাঁদাবাজি, যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি, যানবাহনের ক্ষতি সাধন, স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও সন্ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র কেনায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ দ্রুততার সঙ্গে বিচারের জন্য আইনটি করা হয়েছিল।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, “দ্রুত বিচার নিশ্চিতকরণ ও আইনটির অধীন তদন্তাধীন, বিচারাধীন ১৭০৩টি মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে।
“এ উদ্দেশ্যে আইনটির ধারা ১ এর উপ ধারা (২) তে বারো বছর শব্দগুলোর পরিবর্তে সতেরো বছর শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আইনটি ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।”
এ আইন ২০১৪ সালের ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আইনে দোষী প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। প্রতি জেলায় গঠিত এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ আইনের মামলার বিচার চলে।
১২০ দিনের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান আছে আইনে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে আরো ৬০ দিন সময় পাওয়া যাবে।
সময়সীমা বেঁধে দেয়া থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই যথাসময়ে বিচার শেষ করা সম্ভব হয় না বলে বিচারপ্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
সরকার বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কাজেও আইনটিকে ব্যবহার করেছে বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি খসড়া আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
