২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে অপহরণের পাঁচমাস পর এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 03:43 PM

Updated : 22 Aug 2022, 06:02 PM

রোববার রাতে অপহৃত মুন্নীকে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সুজন নামের এক ব্যক্তি মুন্নীকে পায়। মুন্নীর দেয়া ঠিকানা মতো সুজন তাকে পুলিশের মাধ্যমে বাবার কাছে পৌঁছে দেন।

উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তার মুন্নী ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, মুন্নীকে গত বছরের ৮ নভেম্বর বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায় অপহরণকারী চক্রের সদস্য সুমি বেগম। এ ঘটনায় মুন্নীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি বিভিন্নভাবে তদন্ত করে অপহরণের সঙ্গে জড়িত সুমিকে সিলেট থেকে আটক করে। একই মামলায় সুমির শাশুড়ি আয়শা বেগমকেও আটক করে পুলিশ।

আটককৃতরা মুন্নীকে অপহরণের কথা স্বীকার করেছে। সুমি অপহরণ চক্রের সক্রিয় সদস্য। চক্রটি মুন্নীকে বিদেশে পাচার করতে চেয়েছিল।

সুমি আটক হওয়ার সময় মুন্নীকে কৌশলে আগের অবস্থান থেকে অন্যত্র সরিয়ে ফেলে বলে তিনি জানান।