২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শিক্ষকদের রাজনীতি বন্ধের দাবি উপাচার্যদের

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ও শিক্ষকদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি উঠেছে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 05:33 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

এক সপ্তাহের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নিহতের ঘটনার প্রেক্ষাপটে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত এই ফোরামের বৈঠকে এই দাবি তোলেন কয়েকজন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই বৈঠকে দাবি উঠলেও এনিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমীন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,এই মাসের শেষে পরের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বেশ কয়েকজন উপাচার্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি স্থগিতের দাবি তোলেন বলে জানান তিনি। সভার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সভা থেকে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের আহ্বান জানানো হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ রাজনীতিতে আমরা ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছি। সাময়িকভাবে হলেও এই অসুস্থ রাজনীতির ধারা স্থগিত করা হোক।”

তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি স্থগিত বা বন্ধের জন্য এখনি সরকারকে বলা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।”

এ মাসের শেষের দিকে বিশ্ববিদ্যালয় পরিষদের পরের সভাটি হবে বলেও জানান সভাপতি রুহুল আমীন।

গত ১ এপ্রিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠনের এক পক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ।

সাদ হত্যাকারীদের বিচার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

সাদ হত্যাকারীদের বিচার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

সাদ হত্যাকারীদের বিচার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

এর দুদিনের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে গুলিতে নিহত হন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে রফিকুল হককে উদ্ধৃত করে বলা হয়েছে, “বর্তমান সরকারের সকল উন্নয়ন ধামাচাপা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ছাত্রদের মাধ্যমে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটাছে।”

এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাতে একমত প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এম খায়রুল আলম খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সায়েদুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান ছাড়াও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সভায় উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৯ বছর পর আগামী সেপ্টেম্বরে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধ্যাপক শাদাত উল্লা।

তিন দশকে ২৯ খুন, বিচার হয়নি একটিরও