উপজেলায় বিএনপি প্রতিনিধিরা পদত্যাগ করুন: মেনন
এই সরকার অবৈধ বলে দাবি করলে বিএনপির সকল নির্বাচিত উপজেলা প্রতিনিধিকে পদত্যাগ করতে বলেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার নীলফামারী শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে দলটির সভাপতি মেনন একথা বলেন।
মেনন বিএনপির উদ্দেশে বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া বর্তমান সরকারকে বলেন অবৈধ সরকার। আবার এই সেই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন।
“এই সরকার যদি অবৈধ হয়ে থাকে তাহলে বিএনপির সকল নির্বাচিত উপজেলা প্রতিনিধি পদত্যাগ করুন।”
তিস্তার প্রসঙ্গ টেনে মন্ত্রী এ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তা চুক্তি করতে নারাজ। আর এ চুক্তি না হওয়ায় নীলফামারীসহ গোটা উত্তরবঙ্গ দিন দিন মরুভূমিতে পরিণত হচ্ছে। পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হক মানিক ও কেন্দ্রীয় সদস্য নুর মোহাম্মদ।
ওয়াকার্স পাটির নীলফামারী জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হবিবার রহমান প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
