ফুলগাজীতে ডিবি পরিচয়ে প্রতারণা, আটক ২
ফেনীর ফুলগাজীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
ফুলগাজী থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, “বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের নিলক্ষী গ্রামে মোহাম্মদ জাফর (৪০) ও সাহাব উদ্দিন (৪২) ভারতীয় পণ্য বিক্রির অভিযোগ স্থানীয় দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা হাতিয়ে নেন।”
তারা গ্রামের আরো কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করলে এলাকাবাসী বিষয়টি ফুলগাজী থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জাফর ও সাহাবকে আটক করে থানায় নিয়ে যায়, বলেন ওসি নাসির।
তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে।
