সিরাজগঞ্জে বাস উল্টে আহত ৫০
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের সড়কে বাস উল্টে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সয়দাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
“এতে ওই বাসের অন্তত ৫০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।”
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে অনেকের আঘাত গুরুতর বলে জানান ওসি।
