২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুদ্দীন-মইনের বিচার না হওয়ায় মেননের ক্ষোভ

জরুরি অবস্থার মধ্যে ছাত্র-শিক্ষকদের ওপর দমন-পীড়ন ও গ্রেপ্তার-নির্যাতনের ঘটনায় ফখরুদ্দীন আহমেদ ও মইন উ আহমেদকে বিচারের মুখোমুখি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই খেদ জানান গত সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা মেনন।

তিনি বলেন, “আমরা ফখরুদ্দীন-মইনউদ্দিনের বিচার নিয়ে অনেক কথা বলি কিন্তু কাজে পরিণত করিনি। তাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়া হলো অথচ আজো তাদের বিচারের মুখোমুখি করা হলো না।”

২০০৭ সালের অগাস্টে ছাত্র বিক্ষোভের কারণ অনুসন্ধানে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রতিবেদন দেয়।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদসহ ছয়জনকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিবেদনে ১৩টি সুপারিশ ও ১১টি পর্যবেক্ষণ রাখে কমিটি।

প্রতিবেদনের বিষয়টি তুলে ধরে মেনন বলেন, অনেক দেশে সেনা শাসকদের বিচার চলছে। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

“আমরাও পারতাম ফখরুদ্দীন-মইনউদ্দিনকে বিচারের সম্মুখীন করতে। স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছিল, আজো তা অব্যাহত আছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন ছাত্রের সঙ্গে সেনাসদস্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ অগাস্ট ছাত্রবিক্ষোভের সূচনা হয়। তাদের সঙ্গে যোগ দিয়ে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।

টানা চারদিন বিক্ষোভের পর ২৩ অগাস্ট কারফিউ জারি করা হয়। এরপর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষকসহ অনেক ছাত্রকে সে সময় গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের।

এরপর গ্রেপ্তার ছাত্র-শিক্ষকদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে ফের ছাত্র আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার।

দায় ইসির

উপজেলা নির্বাচনে ‘ভুলের’ জন্য নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, “যেটুকু ভুল হয়েছিল তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাহলে অনিয়মের হাত থেকে রক্ষা পেতাম।”

দুর্নীতির কারণে জাতীয় প্রবৃদ্ধি দুই দশমিক পাঁচ ভাগ কম হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানিয়ে মেনন বলেন, সুশাসন নিশ্চিত করতে পারলে অপপ্রচার বন্ধ হয়ে যাবে।

ফখরুদ্দীন-মইনের শাস্তির সুপারিশ উপেক্ষিত