২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পুনর্নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা: ডানকান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্নির্বাচন এবং তার নেতৃত্বে সরকার গঠনকে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 08:49 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ফাইল ছবি ফাইল ছবি

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডানকান এ মন্তব্য করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।

যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডানকান বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এ বিষয়ে সাংবাদিকদের জানান।

মাহবুবুল হক শাকিল বলেন, “প্রধানমন্ত্রীর পুনর্বার সরকার গঠন ও নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে অ্যালান ডানকান মন্তব্য করেছেন।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তৈরি পোশাক শিল্পের কর্ম পরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর দুই দফায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন  ২২৯ শতাংশ বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী।

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন এক হাজার ৬০০ টাকা থেকে দুই দফায় বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কারখানা পরিদর্শন এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডানকান বলেন, যুক্তরাজ্য সরকার এক্ষেত্রে সহায়তা দিতে চায়।

তৈরি পোশাক শিল্পের কারখানা পরিদর্শনে পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এজন্য ক্যাবিনেট কমিটি গঠনের বিষয়টিও তুলে ধরেন।

সাক্ষাতকালে শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

“প্রধানমন্ত্রী বলেছেন, তার রাজনীতি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের জন্য,” বলেন শাকিল।

আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশে তৈরি পোশাক বেশি মূল্যে কিনলে শ্রমিকদের আরো উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নারী উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

প্রাথমিক শিক্ষকদের মধ্যে ৬০ শতাংশ নারী শিক্ষক নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

ডিগ্রী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক ও উপবৃক্তি দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আগামী জুনে লন্ডনে অনুষ্ঠেয় সেমিনারে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান অ্যালান ডানকান।

ওই সম্মেলনে যোগ দেয়ার চেষ্টা করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এরপর ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাতকালে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পংকজ সরণ উপস্থিত ছিলেন।