সবুজ প্রযুক্তি অগ্রাধিকারে: শিল্পমন্ত্রী
পরিবেশবান্ধব প্রযুক্তিতে প্রাথমিকভাবে শিল্প স্থাপনের ব্যয় কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল অনেক বেশি হওয়ায় সরকার সবুজ শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন।
বুধবার বন্দরনগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় চট্টগ্রাম ভেজিটেবল অয়েল (সিভিও) পেট্রোকেমিকেল রিফাইনারী লিমিটেডের উৎপাদন কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার।
“সরকার সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজির ওপর গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে শিল্প স্থাপনের ব্যয় কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল অনেক বেশি।”
এ লক্ষ্যে বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আমু বলেন, “দেশে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়ছে তেমনি এর চাহিদাও বাড়ছে। এ অবস্থায় বিকল্প জ্বালানি উৎসের দিকে আমাদের নজর দিতে হবে।”
তিনি বলেন, এই রিফাইনারী বছরে ৫০ হাজার মেট্রিক টন কনডেনসেট কাঁচামাল হিসেবে ব্যবহার করবে। ফলে এখান থেকে পেট্রোল, ডিজেল, অকটেন, এমটিটি, থিনার উৎপাদনের পাশাপাশি বছরে ৩৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংসদ ও সিভিও পেট্রোকেমিকেল রিফাইনারী লিমিটেডের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দীন খান বাদল।
তিনি বলেন, শুধু গ্যাসের অভাবে চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানায় প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলম শামীম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হাবিব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
