শাবিতে ছাত্রীকে যৌন হয়রানির বিচার দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের এক ছাত্রীর প্রতি অশালীন আচরণের জন্য ওই বিভাগের এক কর্মচারীর বিচারের দাবি করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বিভাগটির প্রায় দুশ শিক্ষার্থী উপাচার্যের সাথে দেখা করে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে তারা অভিযুক্ত কর্মচারী আবু সালেহকে স্থায়ীভাবে চাকরিচ্যুতসহ তিনদফা দাবি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ লোক প্রশাসনের এক ছাত্রী বিভাগের কর্মচারী আবু সালেহ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন।
বিভাগের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীর হাত ধরে টেনে নিয়ে আপত্তিকর ইঙ্গিত করেছেন আবু সালেহ।
পরে গত সোমবার (৩১মার্চ) ওই ছাত্রী বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবু সালেহকে সাময়িক বহিষ্কার এবং তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা।
এছাড়া ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন অভিযোগকারী ছাত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষার্থীরা স্মারকলিপিতে তারও বিচার দাবি করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো আপত্তিকর মন্তব্যকারী শিক্ষককে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে বিভাগের কোনো শিক্ষার্থীকে নিয়ে এধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না বলে মুচলেকা দিতে হবে, যৌন হয়রানির ঘটনায় বিভাগের নিষ্ক্রিয়তার লিখিত ও যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।
পরে শিক্ষার্থীরা যৌন হয়রানি ও নিপীড়ন রোধ সেলের আহবায়ক অধ্যাপক ইয়াসমিন হকের সঙ্গে দেখা করে অভিযুক্ত কর্মচারী ও আপত্তিকর মন্তব্যকারী শিক্ষক মো. নাছির উদ্দিনের বিচার দাবি করেন।
অধ্যাপক ইয়াসমিন হক কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষার্থীদেরকে আশ্বাস দেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
