২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন রাজাকারের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু ৯ এপ্রিল

মানবতাবিরোধী অপরাধে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষগ্রহণ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী না দেয়ায় এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ এপ্রিল দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার যুক্তিতর্কের দিন ধার্য করে।

এদিন প্রসিকিউশনের ২৪তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায়কে জেরা শেষ করেন খোকনের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান।

এর আগে গত সোম ও মঙ্গলবার তার বিরুদ্ধে সাক্ষ্য দেন সত্যরঞ্জন রায়। মঙ্গলবার সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু করেন শুকুর খান।

গতবছর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরিতকরণসহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

তার বিরুদ্ধে ১৬ নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে সপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপিতে যুক্ত হয়ে নগরকান্দা পৌর কমিটির সহসভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।