ধর্মঘটে বিচ্ছিন্ন পর্যটন জেলা রাঙামাটি
সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘটের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটি।
অপহৃত দুই লঞ্চ শ্রমিককে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে ‘জেলা সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’।
কোতোয়ালি থানার ওসি ইমতিয়াজ সোহেল জানান, ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে অপ্রিতীকর কোন ঘটনা ঘটেনি।
তবে দূরপাল্লারসহ অভ্যন্তরীণ পরিবহনগুলো বন্ধ রয়েছে। চলছে ব্যক্তিগত কিছু বাহন। নৌপথেও সবধরনের যোগাযোগ বন্ধ রয়েছে পার্বত্য জেলাটির সঙ্গে।
গত ২৫ মার্চ শহরের রিজার্ভ বাজারের পোড়া পাহাড় থেকে জসিম উদ্দিন ও আবুল কাসেম নামে দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ধর্মঘট ডাকা সংগঠনটির আহ্বায়ক মনসুর আহম্মদ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এক সপ্তাহ পরও অপহৃতদের উদ্ধারের প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।
তাই দুই শ্রমিকের মুক্তির দাবীতে জেলায় ৪৮ ঘণ্টার সড়ক ও নৌপরিবহন ধর্মঘটন পালন করছে সংগঠনটি।
এ বিষয়ে ওসি ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহৃতদের সন্ধান চলছে। তবে, কারা তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।”
