২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইনজেকশনে’ রোগীর মৃত্যু, ক্লিনিকে ভাংচুর

হাতের ব্যথার চিকিৎসায় ইনজেকশন দেয়ার পরপরই টঙ্গীর একটি ক্লিনিকে রোগীর মৃত্যু হয়েছে।ঘটনার জের ধরে ওই ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 10:17 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার রাতের এই ঘটনার পর ‘সেবা শুশ্রুসা হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ নামে ওই ক্লিনিকের একজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

অবশ্য চিকিৎসক ও মালিকসহ অন্যরা পালিয়ে গেছেন।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, ক্লিনিকের ম্যানেজার মো. কবির হোসেনকে রাতেই স্টেশনরোড এলাকা থেকে আটক করা হয়েছে।

নিহত রোগীর নাম সেলিনা আক্তার (৩৫), তিনি টঙ্গীর আউচপাড়া এলাকার কবির হোসেনের স্ত্রী।

কবিরের বরাত দিয়ে ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতের ব্যথা নিয়ে ওই হাসপাতালে যান সেলিনা। কর্তব্যরত চিকিৎসক একরামুল হক দেখার পর সেলিনার ঘাড়ে অবশ করার জন্য একটি ইনজেকশন প্রয়োগ করেন।

এতে কিছুক্ষণের মধ্যেই রোগীর অবস্থার অবনতি হয়। এসময় হাসপাতলের মালিক চিকিৎসক জালাল আহমেদ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।

পরে টঙ্গীর কাছে ‘উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে’ নেয়া হলে সেখানকার চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা জানাজানি হলে রোগীর আত্মীয় ও এলাকাবাসী হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয় পুলিশকে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের পরিবার থেকে একটি মামলা করার কথা রয়েছে। তবে বুধবার সকাল ১০টা পর্যন্ত কোন মামলা হয়নি।