২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের নাম মুছে স্কুল ‘দখল’

বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পাল্টে জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

আহসান হাবীব নীলু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড এলাকায় অবস্থিত ‘শহীদ শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়’ ভাংচুর করে, সাইনবোর্ড পাল্টিয়ে টানানো হয় ‘কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের’ সাইনবোর্ড।

স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরীর হেলিপ্যাড এলাকায় স্থানীয় বিত্তবান ননী গোপাল বর্মণ, বাবুল কুমার বর্মণ, হাছেনা খাতুন, আফছার আলী ও ভোটকা শেখ মিলে ২০০০ সালে ৫১ শতক জমি ‘শহীদ শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়’ এর  নামে দান করেন। সেবছরই বিদ্যালয়ে পাঠদান শুরু হয়।

২০০১ সালে বিদ্যালয়ের মূল জমিদাতা ননী গোপাল বর্মণ এই স্কুল সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। এ ঘটনার পর স্কুলের পাঠদান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপরই ক্ষমতায় আসে চারদলীয় জোট সরকার।

প্রভাবশালী চক্রটি এই সুযোগকে কাজে লাগিয়ে দখল করে নেয় শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের ঘর ও জমি। ভয়ভীতি ও টাকার বিনিময়ে তৈরি করে নকল দলিল ও কাগজপত্র। শেখ রাসেলের স্মৃতি মুছে ফেলে নামকরণ করা হয় কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এক পর্যায়ে ২০১১ সালে এই স্কুলের নামে সরকারের অনুমোদন নেয়া হয়।

শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী লতিফুল কবির বলেন, এরপরই এলাকার মানুষ হতাশ হয়ে পড়ে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার প্রিয় ছোট ভাই শেখ রাসেলের নামে তৈরি স্কুল ঘর ও জমি দখল করে নেয় ভুমিদস্যুরা।

কাজী লতিফুল কবিরের অভিযোগ, ১৯৯৯ সালে শেখ রাসেল স্মৃতি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০০১ সালে মুল জমিদাতা ননী গোপাল খুন এবং চার দলীয় জোট ক্ষমতায় আসার পর বিভিন্ন মামলার কারণে তিনি (লতিফুল) আত্মগোপন করেন।

এ সময় আজগার আলী, বাসারত, শাহালম মাস্টার, প্রয়াত হোসেন আলী ও মোশনে আরা মঞ্জুসহ একটি চক্র ৫১ শতক জমিসহ স্কুলঘর দখল করে।

স্কুলের প্রায় ১৮ শতক জমি দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী নেতা মজিবর রহমান বীরবল।

এরপর রাসেলের স্মৃতি মুছে ওই বিদ্যালয়ের নামকরণ করা হয় কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

কাজী লতিফুল বলেন, ২০১২ সালে স্থানীয়দের সহযোগিতায় পুনরায় রাসেল স্মৃতি বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়। তখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে চক্রটি।

চলতি বছর ২০ মার্চ আকস্মিকভাবে নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান, স্থানীয় প্রভাবশালী মজিবর রহমান বীরবল, উপজেলা সমাজেসেবা অফিসার সাদেকুল ইসলাম, আজগার আলী, কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশনে আরা মঞ্জুসহ বেশ কিছু বহিরাগত সমঝোতার কথা বলে স্কুলে বসেন।

এক পর্যায়ে তাদের নেতৃত্বে সন্ত্রাসীরা স্কুল ও সাইনবোর্ড ভাঙচুর করে শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দেয়।

এ ব্যাপারে ওইদিন নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয় চার দিন পর।

নাগেশ্বরী থানার ওসি আব্দুর রশীদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ মার্চ এজাহার গ্রহণ করা হয়। ৩০ মার্চ এসআই সেলিম তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন।

যত দ্রুত সম্ভব এ ব্যাপারে রিপোর্ট আদালতে জমা দেয়া হবে বলে তিনি জানান।

কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশনে আরা মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালে এফিডেভিট করে শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের পরিবর্তে কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

২০০৪ সালে পাঠদানের অনুমতি ও ২০১১ সালে একাডেমিক স্বীকৃতি দেয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

মজিবর রহমান রীববল ও পৌর মেয়র আব্দুর রহমানের নির্দেশ মতো তিনি সব উদ্যোগ নিয়েছেন বলে জানান।

তবে, মোশনে আরা কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে বৈধ জমি ও অন্যান্য কাগজপত্র সাংবাদিকদের দেখাতে পারেননি।

মজিবর রহমান বীরবল স্কুলের জমি আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের নামে ননীগোপাল ও তার ভাই ৩৩ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এর বাইরে কেনা ১৮ শতক জমি তিনি নিজ নামে নিয়েছেন, তা স্কুলের নয়।

তিনি বলেন, ব্যক্তি নামে স্কুল প্রতিষ্ঠা করতে গেলে প্রতিষ্ঠানের নামে তিন লাখ টাকা জমা করতে হয়। কিন্তু টাকা না থাকায় পরবর্তীতে স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে।

“ব্যবস্থাপনা কমিটি রেজ্যুলেশনের মাধ্যমে এ জমি কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে দেয়। এছাড়া ননি গোপালের ছেলে ও ছোট ভাই ২০০২ সালে ওই জমি পুনরায় কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে লিখে দেন,” বলেন বীরবল।

প্রয়াত ননী গোপাল বর্মণের ছোট ভাই বাবুল কুমার বর্মণ জানান, বঙ্গবন্ধুর সন্তান শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য তারা দুভাই ২০০০ সালে রেজিস্ট্রি করে জমি দান করেন। বিদ্যালয়ের কার্যক্রমও শুরু হয়। কিন্তু এরই মধ্যে তার ভাইকে খুন করা হয়।

এ ঘটনায় মনোজ বাণিয়া, বাবলু বাণিয়া, সোলেমান কসাইসহ অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ করায় তারা উল্টো চাপে পড়েন।

“এরপর বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এলে ২০০২ সালে আমার এবং আমার ভাই ননী গোপালের নাবালক পুত্র খোকনের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় জড়িত লোকজন।”

নাগেশ্বরীর পৌর মেয়র আব্দুর রহমান স্কুল নিয়ে বিরোধের কথা স্বীকার করে জানান, ২০ মার্চ বিষয়টি তদন্ত করতে উপজেলা সমাজসেবা অফিসারকে নিয়ে স্কুলে যান তিনি।

“কিন্তু শেখ রাসেলের পক্ষে কাগজপত্র দেখাতে না পারায় সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়,” বলেন তিনি।

এ ব্যাপারে শহীদ শেখ রাসেল স্মৃতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ জানান, বিদ্যালয়টির নামে বৈধ দলিলপত্র থাকার পরও ওই এলাকার জনৈক জাহাঙ্গীর আলম তার স্ত্রী মোশনে আরা মঞ্জুকে প্রধান শিক্ষক দেখিয়ে স্কুলটির জমি দখলের অপচেষ্টা করছেন।

ওই চক্রটি সন্ত্রাসী বাহিনী দিয়ে তাণ্ডব চালিয়ে স্কুলের আসবাবপত্র ভাঙচুর ও সাইনবোর্ড ভেঙে ফেলে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।