পিএসসিতে নতুন ২ সদস্য
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসাবে দুই জনকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগকরা অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে পিএসসির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এম আবুল কাশেম মজুমদারও পিএসসির সদস্য হিসাবে নিয়োগ পান।
এদের দুজনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৩ জন।
পিএসসির সাবেক সদস্য ইকরাম আহমেদ বর্তমানে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের আলাদা আদেশে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মনিরুন নেছা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্পট্রোলার মো. আবুল বাশারকে একই পদে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মনিরুন নেছা ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর এবং আবুল বাশার ২০০৯ সালের ৩০ অগাস্ট চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
