গুচ্ছ গ্রামের চাল-গম তুলে ‘উধাও’ আ. লীগ নেতা
গুচ্ছ গ্রামের জন্য সরকারের বরাদ্দ চাল ও গম উত্তোলনের পর বিতরণ না করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের এক নেতার আত্মপোগন করার অভিযোগ উঠেছে।
ওই নেতা ও প্রকল্পের চেয়ারম্যান বশির আহমেদকে গ্রেপ্তারে উপজেলা নির্বাহী কর্মকতা নির্দেশ দিলেও এখনো মামলা না হওয়ায় ব্যবস্থা নিতে পারছে না পুলিশ।
মাটিরাঙা উপজেলা খাদ্য কর্মকর্তা অনন্ত বিজয় চাকমা জানান, উপজেলার পুরাতন বর্ণাল গুচ্ছ গ্রামের ৫২৩ পরিবারের জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য ৫১ দশমিক ৩৫৮ মেট্রিক টন চাল ও ৩৭ দশমিক ৬১৪ মেট্রিক টন গম বরাদ্দ হয় গত মাসে।
এসব খাদ্যশস্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে দাবি করেন অনন্ত।
তবলছড়ি খাদ্য গুদামের পরিদর্শক জুলিয়াস চাকমা জানান, গত ২৮ মার্চ প্রকল্প চেয়ারম্যান বশির আহমেদ এসব চাল ও গম গুদাম থেকে উত্তোলন করেন।
কিন্তু চাল-গম গুচ্ছ গ্রামের পরিবারগুলোর মধ্যে বিতরণ না করে আত্মগোপন করেন বশির।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বশির আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
তবে এখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন মাটিরাঙা থানার ওসি মাঈন উদ্দিন।
“ঘটনা জেনেছি। তবে কেউ মামলা না করায় আইনগতভাবে এগোনো যাচ্ছে না,” বলেন ওসি।
বশিদ আহমেদের এই কাণ্ডের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্ণাল ইউপি চেয়ারম্যান আলী আকবর।
