কৃষককে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
ধর্ষণের অপবাদ দিয়ে এক কৃষককে হত্যার পর চাঁদাবাজরা লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে আজিল সরদারের (৪৮) ঝুলন্ত লাশ পাওয়া যায়।
দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন ভক্ত জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
“পরিবারে পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”
নিহতের স্কুল পড়ুয়া মেয়ে মুর্শিদা খানম বলে, গত ২১ মার্চ সন্ধ্যায় তার বাবা আজিল সরদার বলাকইড় দক্ষিণপাড়া গ্রামের ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলেন।
পথে একই গ্রামের ঝুনু ডাক দেয়। সেখানে একটি মেয়েকে তিনি ধর্ষণ করেছেন বলে মিথ্যা অভিযোগ এনে মোটা অংকের চাদা দাবি করে।
টাকা দিতে অস্বীকার করায় ঝুনু, একেন, লিক্সনসহ একদল চাঁদাবাজ তাকে দুদফা মারপিট করে। এরপর ২৩ মার্চ ১০ হাজার টাকা আদায় করে নেয়।
মুর্শিদা আরো বলে, সোমবার ভোরে ওই যুবকরা তাদের বাড়ি গিয়ে আরো ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় তারা ধর্ষণ মামলা দায়ের করে পুলিশে দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়।
এক পর্যায়ে তারা তার বাবাকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা জোর করে সাদা কাগজে তার (মুর্শিদা) মা বেবী বেগমের স্বাক্ষর নেয় এবং তার কানের দুল ও ৭শ’ টাকা লুট করে।
“এরপর আমার বাবাকে চাঁদাবাজরা ঘর থেকে বের করে নিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি। সকালে আমাদের বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”
নিহতের স্ত্রী বেবী বেগম জানান, চাঁদাবাজরা ‘মিথ্যে ধর্ষণ’ অপবাদ দিয়ে টাকা নিয়েই খ্যান্ত হয়নি।
“ঘর থেকে আমার স্বামীকে বের করে নিয়ে হত্যা করে লাশ ওই স্থানে ঝুলিয়ে রেখেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”
এ ঘটনায় অভিযুক্তরা এরই মধ্যে গা ঢাকা দিয়েছে বলেও জানান তিনি।
