২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী মকবুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:44 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ এপ্রিল তাদের গ্রামে আক্রমণ চালালে পালানোর সময় তার মাকে গুলি করে হত্যা করে এটিএম আজহার ও দুইজন পাকসেনা।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সাক্ষ্য দেন ৬৪ বছর বয়সী মকবুল হোসেন।

রংপুরের বদরগঞ্জ উপজেলার হাজীপাড়া থানার উত্তর রামনাথপুর গ্রামের এ বাসিন্দা বলেন, ১৯৭১ সালের ১৬ এপ্রিল পাক সেনাদের সঙ্গে ট্রেনে করে টেকশোর হাটের ৬ নম্বর রেইল গুমটিতে আসে আজহার। তারা সবাই ট্রেন থেকে নেমে টেকশোর হাটের উত্তর দিকে যায়।ওই এলাকার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় এবং গোলাগুলি করে তারা।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এরপর আজহার পাক সেনাদের নিয়ে তাদের গ্রামেও যান। তিনি তখন মাকে নিয়ে ধাপপাড়ার দিকে দৌঁড়ে পালাতে থাকেন। মায়ের কথামতো দৌঁড়াতে থাকেন বলে জানান মকবুল।

“আমি তখন ক্ষেতের আইল দিয়ে দৌঁড়াতে থাকি। কিছুদূর যাওয়ার পরে গুলির শব্দ শুনি। পিছে ফিরে দেখি, আজহার ও দুইজন পাক সেনা আমার মাকে গুলি করছে।আমার মা আর্তচিৎকার দিয়ে মাটিতে পড়ে মারা যায়।”

এরপর জীবন বাঁচাতে বালিমারি নদীর দিকে দৌঁড়ে যান।পথে তিনি আরো দেখেন, রমিজ নামের আরেকজনকেও গুলি করে হত্যা করে আজহার ও ওই দুই পাকসেনা।

তিনি আরো বলেন, নদীর পাশে একটি গর্তে আনুমানিক তিন ঘণ্টা লুকিয়ে থাকার সময় আরো দেখেন, আজহার ও পাকসেনারা ধাপপাড়া, মির্জাপাড়া, মোল্লাপাড়ায় বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।

এসময় আরো ১৪/১৫ জনকে মেরে ফেলা হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

গ্রামে ফিরে নিজের মা ও মামার লাশ নিয়ে বাড়ি ফিরে দাফন সম্পন্ন করেন বলে জানান সাক্ষী।

সাক্ষ্য দেয়া শেষ হলে সাক্ষীকে জেরা করা শুরু করেন এটিএম আজহারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। পরে জেরা অসমাপ্ত রেখে সোমবার পর‌্যন্ত মামলার কার‌্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।