‘অ্যাসিড সন্ত্রাসীদের ছাড় নেই‘
অ্যাসিড সন্ত্রাসে জড়িতদের আইনের আওতায় আনতে রাষ্ট্রকে 'বাধ্য' করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোকচিত্রী শফিকুল ইসলাম কিরনের ‘আনস্টপেবল- দি কারেজ উইদিন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি অ্যাসিড সন্ত্রাসের শিকার ভুক্তভোগীদের উদ্দেশ্য করে এ প্রতিশ্রুতি দেন।
মিজানুর রহমান বলেন,“জাতীয় মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা রয়েছে এটা স্বীকার করতে দ্বিধা নেই । আপনাদের (অ্যাসিড সারভাইভারদের) কেউ হুমকি দিচ্ছে কিনা, কারো বিরুদ্ধে করা মামলা বিলম্বিত হচ্ছে কিনা-এসব তথ্য দিন।
“কথা দিচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রকে বাধ্য করা হবে।"
সমাজ রুগ্ন কলুষিত বলেই অ্যাসিড সন্ত্রাসে জড়িতরা রাজনৈতিক বিবেচনায় বিচারের আওতামুক্ত থাকে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "অপরাধীরা আইনের ঊর্ধ্বে নয়, এটা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে ।"
অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, “সম্মিলিতভাবে অ্যাসিড সন্ত্রাস কমিয়ে আনা হলেও তা বন্ধ হয়নি।”
তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত না অ্যাসিড সারভাইভাররা তাদের উপর নির্যাতনের বিচার না পাবেন ততদিন ন্যায় বিচারের দাবি থাকবে।"
অনুষ্ঠানে কুমিল্লার মাজেদা খাতুন ও নারায়ণগঞ্জের হাসিনা আক্তার নামের দুজন অ্যাসিড সারভাইভার বক্তব্য দেন। তাদের বক্তব্যে অ্যাসিড সন্ত্রাসের পর নিজেদের করুণ ও বেদনাদায়ক অভিজ্ঞতার চিত্র উঠে আসে। সে অবস্থা থেকে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন কীভাবে তাদেরকে বেরোতে সাহায্য করে সে কথাও বলেন তারা।
আলোকচিত্রী শফিকুল ইসলাম কিরন বলেন,“১৭ বছর আগে এ মাসেই অ্যাসিড সারভাইভারদের নিয়ে প্রথম ছবি তোলা শুরু করি। তখন পত্রিকায় এ বিষয়ে দুই একটি খবর ও ছবি ছাপা হতো।
"আমার ইচ্ছা ছবির মধ্য দিয়ে সমাজের মানুষের জন্য ভালো কিছু করা। যখন আমার তোলা ছবি থেকে কেউ অ্যাসিড সন্ত্রাসের শিকার ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসে, তখন ভীষণ ভালো লাগে।"
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক মনিরা রহমান, আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, সোসাইটি অব প্লাস্টিক সার্জন সংগঠনের সভাপতি সামন্ত লাল সেন প্রমুখ।
