সমর্থক খুন : বিচার চায় ইসলামী ফ্রন্ট
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থক আবু সৈয়দের খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলসহ তিন দফা কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
রোববার নগরীর মোমিন রোডে সংগঠনটির কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয় কমিটির আহ্বায়ক এমএ মতিন।
কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার প্রতি উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল, শুক্রবার জুমার নামাজের পরে দোয়া মাহফিল ও ৬ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে স্থানীয় আবু সৈয়দকে (৫৮) গলায় ছুরি চালিয়ে খুন করে স্থানীয় জামায়াতের কর্মী হাবিবুর রহমান (৫৫)।
এঘটনার পর পর স্থানীয়রা হাবিবুরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মতিন বলেন, "সম্প্রতি অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকতার হোসেনের পক্ষে কাজ করায় আবু সৈয়দকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।"
শনিবারও জামায়াতের সন্ত্রাসীরা রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফে হামলা চালানোর চেষ্টা করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি ।
এসময় এলাকাবাসীর বাঁধার মুখে তা সম্ভব হয়নি বলে দাবি করেন এমএ মতিন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সদস্য সচিব স উ ম আব্দুস সামাদ, রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রেজাউল করিম তালুকদার প্রমুখ।
