চট্টগ্রামে মা-মেয়ে খুন: শহীদ ৩ দিনের রিমান্ডে
চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার এসআই মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার দুই আসামির মধ্যে প্রধান আসামি রায়হান গত বৃহস্পতিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
“অন্য আসামি শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০ দিনের হেফাজতে আনার আবেদন করেছিলাম।”
আদালত শুনানি শেষে তিনদিনের হেফাজত মঞ্জুর করেন জানান এসআই মাঈনুদ্দীন।
নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনার’ ভবনের পদ্মা অংশের চতুর্থ তলায় গত ২৪ মার্চ সকালে খুন হয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাইমা আক্তার (১৭)।
এঘটনায় রেজাউল করিম বাদি হয়ে সাইমার ‘কথিত’ প্রেমিক রায়হানের নাম উল্লেখ করে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ ২৫ মার্চ গভীর রাতে ঢাকার একটি হোটেল থেকে আবু রায়হানকে ও পরদিন ভোরে তার সহযোগী শহীদকে নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রায়হান তার সঙ্গে সাইমার একবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং বর্তমানে সাইমা অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন।
