পাবনায় হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন
একটি হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।
একই মামলায় তাদের অপর তিন ভাইয়ের দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা হয়।
পাবনার অতিরিক্ত দায়রা জজ-১ মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মোস্তব আলীর দুই ছেলে মনসুর আলী কায়সার ও মজিবর রহমান।
দুই বছর দণ্ডিতরা হলেন মোস্তব আলীর অপর তিন ছেলে ইজিবর রহমান, শাহিন ও রঞ্জু।
পাবনা জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর ঈশ্বরদী ভাড়ইমারী গ্রামের মনসুর আলী কায়সার, মজিবর রহমান একই গ্রামের ডাবলুকে কুপিয়ে হত্যা করেন এবং ইজিবর রহমান, শাহিন ও রঞ্জু এ কাজে সহায়তা করেন।
এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
