২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ আহত ১৫

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার দুপুরে শহরের মিয়াপাড়া ও শহরতলীর ঘোষেরচরে বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার পরিদর্শক ( তদন্ত) মো. সেলিম রেজা জানান, গত ২৭ মার্চ শহরের মিয়াপাড়ার রেজওয়ানকে শহরতলীর ঘোষেরচরের লোকজন  কথাকাটাটির ঘটনাকে কেন্দ্র করে মারধর করে।

পরদিন শনিবার ঘোষেরচরের শামীম মোল্লা  ও মিয়াপাড়ার ভ্যাজাল হোসেনকে মারধরের ঘটনায় সন্ধ্যায় মিয়াপাড়া ও ঘোষেরচরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এর জেরে রোববার সকাল ১০টার দিকে ঘোষেরচর গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চৌরঙ্গীর স্বর্ণ, স্টেশনারি, খাবারের  দোকানসহ ৮/১০টি দোকানে  হামলা করে ভাংচুর করে।

এ খবর ছড়িয়ে পড়লে মিয়াপাড়ার লোকজন দেশি অস্ত্র নিয়ে ঘোষেরচরের লোকজনদের ধাওয়া করে।

শহরে চৌরঙ্গী, লঞ্চঘাট, পাবলিক হল মোড়, পোস্ট অফিস মোড়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ শটগানের গুলি, বারার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।