২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

এক শিশুকে হত্যার দায়ে তার বাবা ও চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 04:23 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এছাড়া এ দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

রোববার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আব্দুস সালেক।

দণ্ডিতরা হলেন সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আবুল হোসেন (৫০) ও তার বড়ভাই খলিলুর রহমান (৫৮)। এদের মধ্যে আবুল হলেন নিহত শিশু আছিয়া খাতুনের (৮) বাবা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর আলোকদিয়া গ্রামে ঘটে এ হত্যাকাণ্ড।

ওইদিন শিশু আছিয়াকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের পর ওই শিশুর বাবা আবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ চার জনের নামে আদালতে মামলা দায়ের করেন।

পরে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই রাকিবুল হাসান ঘটনা তদন্তের এক পর্যায়ে মেয়েটির বাবা ও চাচাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে এ দুভাই পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তারা আছিয়াকে হত্যা করেন বলে পুলিশকে জানান।

পরে মামলার তদন্ত কর্মকর্তা শিশুটির বাবার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন এবং নিজে বাদী হয়ে ২০১২ সালের ১২ নভেম্বর শিশুটির আবুল ও খলিলুরকে আসামি করে নতুন হত্যা মামলা দায়ের করেন।

ডিবি পুলিশের এসআই আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আব্দুর রহমান সরকার। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী নুর-এ-আলম সিদ্দিকী।