ধানমণ্ডিতে দুই কলেজছাত্র ছুরিকাহত
ধানমণ্ডি লেকের পাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন দুই কলেজছাত্র।
শনিবার বিকালের এই ঘটনায় আহতরা হলেন- মিজান (২২) ও শাওন (২১)।
দুজনই ধানমণ্ডি আইডিয়াল কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মিজান ও শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানের বাবা হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে দুই বন্ধু লেকের পাড়ে ঘোরাঘুরির সময় ছিনতাইকারীর কবলে পড়ে।
“২/৩জন ছিনতাকারী তাদের কাছ থেকে মোবাইল ফোন নেয়ার চেষ্টা চালায়। বাধা দিলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একজনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।”
আহত দুই কলেজছাত্রকে স্থানীয়রা প্রথমে প্রথমে ধানমণ্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এই বিষয়ে জানতে চাইলে ধানমণ্ডি থানার ওসি আবু সালেহ শেখ মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিষয়টি আমাদের কাছে কেউ জানাননি। তবে আপনার কাছ থেকে শুনে এখন ব্যবস্থা নেয়া হবে।”
