২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তিতে

তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে নেয়া ভোলা-পটুয়াখালী গ্রিড লাইনে সাবমেরিন কেবল লাইনে ত্রুটির কারণে ভোলার পাঁচটি উপজেলায় ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের গ্রাহকরা।  

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 05:59 PM

উপজেলাগুলো হলো দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন।

মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকা কার্যত বিদ্যুৎবিহীন হয়ে অন্ধকারে রয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। ছোট-বড় কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

সাময়িক সমস্যা দূর করতে ভোলা শহরে লোডশেডিং করে বরিশাল থেকে পাওয়া সামান্য বিদ্যুৎ এসব এলাকায় সরবরাহ হলেও তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. আলী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে জাতীয় গ্রিডের সাবমেরিন কেবল লাইনে মারাত্মক ত্রুটি দেখা দেয়।

ফলে পটুয়াখালি থেকে বিদ্যুত না পাওয়ায় ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।

জাতীয় গ্রিডের বরিশাল লাইন থেকে সদরে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না।

“তেঁতুলিয়া নদীর তলদেশের সাবমেরিন কেবল লাইনের মেরামত কাজ চলছে। শনিবার রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরো জানান, ভোলার একমাত্র গ্যাসভিত্তিক রেন্টাল

পাওয়ার প্লান্ট নয় মাসের অধিক সময় ধরে বিকল থাকায় জেলার বিদ্যুৎ সংকট কাটছে না। সেটি চালু করার জন্য বার বার তাগিদ দেয়া হলেও তারা চালু করছে না। যারফলে গ্রাহকদের এতো ভোগান্তি।

ভোলা পল্লি বিদ্যুৎ সমিতির জিএম সোহরাব আলী বিশ্বাষ জানান, পল্লি বিদ্যুতের আওতায় জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন উপজেলা ও জেলা সদরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ হলেও মঙ্গলবার রাত থেকে তা বন্ধ রয়েছে।

ক্যাবল লাইন ফল করায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে প্রায় ৬৫ হাজার গ্রাহক বিপাকে পড়েছেন।

দৌলতখানের সংবাদকর্মী মনিরুজ্জামান মহিন জানান, বুধবার থেকে বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে একদিকে যেমন মানুষ দিশেহারা, অন্যদিকে দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বোরহানউদ্দিনের ব্যবসায়ী সুমন ও বিশ্বজিৎ বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলার সকল কারখানা বন্ধ হয়ে গেছে।

লালমোহনের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, স্কুল-কলেজর শিক্ষার্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।