২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিডেন্সিয়ালে পুরনো-নতুন মিলনমেলা

সাবেক শিক্ষার্থীদের স্মৃতিকাতরতা আর তাদের কাছে বর্তমানদের উৎস্যুক্য নিয়ে শনিবার সকাল থেকে জমজমাট রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল মডেল স্কুল ও কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে দিনভর এই পুনর্মিলনী চলছে।

সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী বর্তমান শিক্ষার্থীদের কুচকাওয়াজ শেষে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় সাবেক শিক্ষার্থীদের মধ্যে ২০ জনের মতো উপস্থিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

কলেজের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছরই তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। এ বছর অফিস থেকে ছুটি নিয়ে বরিশাল থেকে এসেছেন।

১৯৬৩ সালে এ প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মাহমুদ।

স্কুল জীবনের স্মৃতিচারণ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখনো পরিবারের অভাব অনুভবই করতাম না। গ্রীষ্মের ছুটিতে বাড়ি গেলে কেবল ভাবতাম, ছুটি কবে শেষ হবে।”

অনুষ্ঠানে অংশ নেয়া ’৭৮ ব্যাচের শিক্ষার্থী আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, “কলেজে এলে অতীত দিনের কথা ভীষণ মনে পড়ে যায়। ইচ্ছে করে ফিরে যাই, সেইসব দিনে যখন সবাই মিলে খুব মজা করতাম।”

পরিবার নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে আসেন ৮৫/৮৭ ব্যাচের শিক্ষার্থী মির্জা আনোয়ার। তার দুই ছেলে মির্জা সুমিত ও মির্জা অমিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

চতুর্থ শ্রেণির ছাত্র সুমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “বাবার স্কুলের সঙ্গে আমার স্কুলের বড় ডিফারেন্স হলো মাঠ। আমার স্কুলে মাঠ থাকলে অনেক মজা হত।”

৮৫/৮৭ ব্যাচের আরেক শিক্ষার্থী মো. সেলিম মিয়া বলেন, “এসব অনুষ্ঠানে এলে পুরোনো বন্ধুদের আবার কাছে পাওয়া যায়। তাই এরকম অনুষ্ঠানে অংশ নিতে খুবই ভাল লাগে।”

এখন চৈত্রের খরতাপ থাকায় এই অনুষ্ঠানটি আরো আগে করলে ভাল হত বলে তিনি মনে করেন।

‘ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর সভাপতি নিজাম উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানে অংশ নিতে সাবেক ১৬০০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নসরুল হামিদ বিপু প্রতিমন্ত্রী হওয়ার সন্ধ্যায় তাকে ফূল দিয়ে শুভেচ্ছা জানানো হবে বলে জানান তিনি।