২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাট সরে শিমুলিয়ায় যাচ্ছে

মূল পদ্মা সেতুর কাজ শুরু করার জন্য মাওয়া ঘাটকে অস্থায়ীভাবে শিমুলিয়ায় সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ জুবায়ের, শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

তিনি বলেছেন, “আগামী ৩-৪ দিনের মধ্যে সেনাবাহিনী শিমুলিয়ায় ঘাট নির্মাণের কাজ শুরু করবে। সেখানে এখন কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে।

“যেহেতু পদ্মা সেতুর মূল কাজ জুনের মধ্যে শুরু করতে হবে, তাই আপাতত মাওয়া ঘাটকে শিমুলিয়ায় অস্থায়ীভাবে সরিয়ে নেয়া হবে।”

শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু ও নদী শাসনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন যোগাযোগমন্ত্রী।

তবে মাওয়া নদীবন্দরকে স্থায়ীভাবে কান্দিপাড়ায় সরিয়ে নিতে সাত/আট মাস সময় প্রয়োজন বলে জানান তিনি।

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুরের কাজ শেষ পর্যায়ে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী বাজেটে পদ্মা সেতুর জন্য আট হাজার কোটি টাকার প্রস্তাব আসতে পারে।

“আগামী জুন মাসেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। অগাস্ট মাসে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত তাদের আর্থিক প্রস্তাব দিতে বলা হয়েছে।”

এর আগে শ্রীনগর উপজেলার দোগাছিতে নির্মাণাধীন অফিসার্স স্টেক ইয়ার্ড ও মাওয়া ঘাট পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।