বেড়াতে এসে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এসএসসি পরীক্ষা শেষে গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বাসচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো আশিকুজ্জামান (১৮) রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশ্বা গ্রামের আব্দুল সালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে বাস থেকে নেমে নাওজোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস আশিককে চাপা দিয়ে চলে য়ায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনরা জানিয়েছে, এবছর কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আশিকুজ্জামান। পরীক্ষা শেষে গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
